উত্তর কোরিয়ার ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বুধবার মধ্যরাতে রাজধানীতে সামরিক মহড়া হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ মহড়ার যেসব ছবি প্রকাশ করেছে, তাতে সেনাসদস্যদের একটি দলকে ব্যক্তিগত সুরক্ষা পোশাক পরে অংশ নিতে দেখা যায়। তবে অন্য প্যারেডের মতো এদিন কোনো ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়নি বলে খবর দিয়েছে বিবিসি।
পিয়ংইয়ংয়ের কিম ইল সাং স্কয়ারের এ মহড়ায় হাজির হন কিম জং উন। তবে তিনি কোনো বক্তব্য দেননি। অবশ্য রাষ্ট্রীয় এ অনুষ্ঠানে কিমের বোন কিম ইয়ো জংকে দেখা যায়নি। এ বিষয়ে কেসিএনএও কিছু বলেনি। বিভিন্ন ছবি বিশ্লেষণ করে উত্তর কোরিয়ার বিশেষজ্ঞরা বলেছেন, সর্বোচ্চ নেতা কিম জং উনের ওজন কমেছে। গত জুনে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরেও তার ওজন কমানোর তথ্য দেওয়া হয়েছিল।
মূলত করোনাভাইরাস মোকাবিলায় নেওয়া পদক্ষেপ হিসেবে সেনাসদস্যরা সুরক্ষা পোশাক পরে মহড়ায় অংশ নেন।