মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চেয়েছিলেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে পরাজয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসতে চাননি মমতা ব্যানার্জি। গত বুধবার দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে তৃণমূলের কর্মিসভায় যোগ দিয়ে নিজেই এ কথা জানিয়েছেন মমতা।

তিনি বলেন, ‘নন্দীগ্রামে আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। নির্বাচনের পর আমার দলের নেতাদের বলেছিলাম আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাচ্ছি। এবার অন্য কাউকে মুখ্যমন্ত্রী পদে বসানো হোক। আমি তো অনেক দিন এই পদে থেকে কাজ করেছি।’ তবে মমতার এ দাবি মেনে নেননি তৃণমূলের নেতাকর্মীরা। এজন্য তাদের অনুরোধে আবারও এই পদে বসতে হয় তাকে।

ভবানীপুরের নির্বাচন নিয়ে মমতা বলেন, ‘নন্দীগ্রাম আসনে ব্যাপক ভোট কারচুপি হয়েছে। আমাকে জোর করে হারানোর কে পরিকল্পনা করেছিল। আমি ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম। এ জন্যই আবার নতুন করে আমাকে উপনির্বাচনে লড়তে হচ্ছে।’

নন্দীপুরে মমতা মাত্র ১ হাজার ৯৫৬ ভোটে হেরে যান তারই দল থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর কাছে। অবশ্য তিনি হারলেও তৃণমূল কংগ্রেস রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২১৩টিতে জয় পায়। এরপর সংবিধান মেনে মমতাকে অস্থায়ীভাবে বসানো হয় মুখ্যমন্ত্রীর চেয়ারে।