শুরুতে লিড নিয়েও জিততে পারল না বাংলাদেশ। গতকাল কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ৩-২ গোলে হেরে গেছে আটটি পরিবর্তন করে খেলতে নামা দলটি। কিরগিজস্তানে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের দুটি গোলই করেছেন সুমন রেজা। যার প্রথমটি ১১ মিনিটে। তবে ২৪ ও ২৮ মিনিটে ঝানিবেক ও বরুবায়েভের গোলে বাংলাদেশকে পেছনে ফেলে স্বাগতিক অলিম্পিক দল। ৫৮ মিনিটে ৩-১ করেন আলিগুলভ। সুমন রেজা ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আশা জাগিয়েছিলেন। তবে প্রতিপক্ষের গোলমুখ আর খোলা হয়নি বাংলাদেশের। ফলে শতভাগ হারের তিক্ত স্বাদ নিয়ে দেশে ফিরতে হচ্ছে জেমি ডে’র শিষ্যদের।