আওয়ামী লীগ শোষণকারী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষের আশা-আকাক্সক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে, জনগণের কাছ থেকে দেশের মালিকানা কেড়ে নিয়েছে। তাই আওয়ামী লীগকে ক্ষমা করা যায় না।’
গতকাল বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
খালেদার জিয়ার স্থায়ী মুক্তি ও মামলা থেকে অব্যাহতি দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘তাকে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে।’
তালেবান সরকার ইস্যুতে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ এটা আমরা সমর্থন করি না। যে সরকারই আসুক সেই দেশের জনগণের অধিকার মূল্যায়ন করবে এমনটাই আশা করি।’
এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। তিন দিনের সাংগঠনিক সফর শেষে মির্জা ফখরুল গতকাল সকালে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করেন।