রাজশাহীর বিভিন্ন সড়কের পাশে গাছপালা ও বৃক্ষরাজির গায়ে টিনের প্লেটে হাদিসের বাণী ও কোরআনের আয়াত লিখে সেঁটে দেওয়া হয়েছে। সেখানে লেখা রয়েছে বিভিন্ন স্লোগানও। রাতের আঁধারে গাছের ওপরের দিকে এমনভাবে টিনের প্লেটে লেখা এসব ধর্মীয় বাণী লাগিয়ে দিচ্ছেন।
পুলিশ বলছে, এটি নিয়ে তারা তথ্য সংগ্রহ করেছে। এখন পর্যন্ত এর সঙ্গে কোন ধরণের রাজনৈতিক সম্পর্কতা পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, রাতের আঁধারে একদল লোক এসব সড়কের দুই পাশের গাছগাছালিতে পেরেক ঠুকে এসব টিনের প্লেট লাগাচ্ছেন। মোটরসাইকেলে ১০ থেকে ১২ জন করে দল বেঁধে আসছেন আর ব্যাগ থেকে হাদিস কোরআনের বাণী লেখা প্লেটগুলো বের করে গাছের গায়ে সেঁটে দিচ্ছেন সমানে। এসব অক্ষর প্লেট সহজেই পথচলতি মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। রাজশাহী জেলাজুড়ে গত আগস্ট মাসে এসব প্লেট লাগাতে শুরু করেন তারা।
মোহনপুর থানার মোড় থেকে তানোরমুখী ১৫ কিলোমিটার কাশিমবাজার সড়কের দুপাশের হাজারখানেক গাছে এ ধরনের টিনের প্লেট লাগানো হয়েছে। প্রতিটি গাছের গায়ে কোরআন হাদিসের বিভিন্ন বাণীসংবলিত লেখা প্লেট পথচারীদের সহজেই চোখে পড়ে। কালো টিনের ওপর কোনটিতে লেখা আছে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’। কোনটিতে লেখা ‘জাজাকাল্লাহু তা’আলা খাইরান’, ‘আস্তাগফিরুল্লাহ’, কোনটিতে ‘আলহামদুলিল্লাহ’, ‘সুবহানআল্লাহ’ ইত্যাদি। তবে টিনের এসব প্লেটের নিচে কোনো সংগঠনের নাম উল্লেখ নেই। একইভাবে মোহনপুর বাগমারা-ভবানীগঞ্জ ও কামারপাড়া বাগমারা হাটগাঙ্গোপাড়া সড়ক ছাড়াও দাউকান্দি বাগমারা ভবানীগঞ্জ, দুর্গাপুর তাহেরপুর, পুঠিয়ার বিভিন্ন স্থানের সড়কের পাশে গাছগুলোতে এসব প্লেট লাগানো হচ্ছে।
রাজশাহীর মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, গাছে গাছে দোয়া ও অন্যান্য বাণীগুলো অনেক দিন থেকেই আছে। এগুলোর ব্যাপারে তথ্য পাওয়া গেছে। পাকুড়িয়া এলাকার নইম উদ্দিনের ছেলে সাহিন আলম নামের একজন এগুলো লাগিয়েছে। সাহিন আলম বলেছে, গোপালপুরে এভাবে আরবি কথ্য দেওয়া আছে। সেটি দেখে উৎসাহিত হয়ে এখানে লাগিয়েছে সে।
এই কর্মকাণ্ডে কোন রাজনৈতিক উদেশ্য পায়নি পুলিশ।