ঘরের যত্ন নিন

ঘরবন্দি সময়ে নিজের বাড়ির প্রতিটি কোণের গুরুত্ব আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে। তাই নিজের যত্ন নেওয়ার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এখন গৃহসজ্জাও। ঘর যত্নে থাকলে, ভালো থাকবেন সেখানকার বাসিন্দারাও। ঘরের যত্নে করণীয়

ঘরের কোণ গুছিয়ে রাখুন : গুছিয়ে রাখুন ঘরের প্রতিটি কোণ। জিনিসপত্র স্তূপ করে নানা দিকে রেখে দিলে ঘরে অস্বস্তিকর একটি পরিবেশ তৈরি হয়। তার প্রভাব পড়ে নিজের মনের ওপরও। তা ছাড়া অগোছালোভাবে জমিয়ে রাখা কাপড় ও কাগজপত্রের ওপর ধুলো জমে তা ঘরের বাতাসে মিশে যায়। এর থেকে শ্বাসকষ্টও হতে পারে।

সময় কাটানোর জায়গা : শুধু প্রতিদিনের কাজের জায়গা নয়, নিজের মতো করে সময় কাটানোর জায়গাও বের করা জরুরি। কোনো একটি কোণ সাজিয়ে ফেলুন শুধু ধ্যানের জন্য। এজন্য অনেকটা জায়গার প্রয়োজন নেই। ভাবনাই আসল।

আলোর ব্যবহার : আলোর ব্যবহারও খুব গুরুত্বপূর্ণ ঘরের যত্নে। ঘরে আলো কম থাকলে মনও ভার থাকে। সারা দিন যদি বাড়িতে কাটাতে হয়, তবে নানা ধরনের আলো রাখা জরুরি। বিভিন্ন টেবিল ও কোণে মানানসই ল্যাম্পশেড ব্যবহার করুন। পড়ার জায়গায় বিশেষ ধরনের আলো রাখুন। তাতে শুধু মনের নয়, চোখেরও যত্ন হবে।

পছন্দের জিনিস : নিজের ভেতরের সৃজনশীলতা যেন প্রকাশ পায় আপনার ঘরের সাজে। বাড়ির মধ্যেই পছন্দের শিল্প আর বই দিয়ে বানিয়ে ফেলতে পারেন ছোটখাটো গ্রন্থাগার আর মিউজিয়াম। আপনার সংগ্রহের সেসব জিনিস চোখের সামনে থাকলে মন ভালো থাকবে, সঙ্গে বাড়বে আত্মবিশ্বাসও।