কয়েক রকম নুডলস

নুডলস দিয়ে কয়েক ধরনের নাশতার রেসিপি দিয়েছেন উম্মাহ মোস্তফা

মাফিন  কেক

উপকরণ

সেদ্ধ নুডলস ১ কাপ, ডিম ৩টি, তেল ২ টেবিল চামচ, ময়দা সিকি কাপ, লবণ সিকি চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. নুডলস সেদ্ধ করে নিন।

২. মাফিনের মোল্ডে তেল গ্রিস করে তাতে নুডলস দিন অর্ধেক পরিমাণ।

৩. ডিম বিট করে তাতে বাকি উপাদান দিয়ে মিশিয়ে নুডলসের ওপরে ঢেলে দিন

৪. প্রিহিট ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২ মিনিট বেক করে ঠা-া হলে পরিবেশন করুন।

চিজ বল

উপকরণ

নুডলস ১ প্যাকেট, সেদ্ধ আলু ৪টি, আদার গুঁড়ো আধা চা চামচ, রসুনের গুঁড়ো আধা চা চামচ, লবণ ১ চা চামচ, চিজ ২ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ, ডিম ১টি, বিস্কুটের গুঁড়ো ১ কাপ, তেল ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

১. নুডলস একটু বেশি করে সেদ্ধ করে নিন।

২. তেল, বিস্কুটের গুঁড়ো, ডিম, চিজ বাদে সব উপকরণ ভালো করে মাখিয়ে নিন।

৩. ছোট গোল বলের মতন করে এর মধ্যে চিজের পুর ভরে গোল আকার করে বল বানিয়ে নিন।

৪. এবার ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে ফ্রাইপ্যানের গরম তেলে ডিপফ্রাই করে পরিবেশন করুন।

কাটলেট

উপকরণ

সেদ্ধ নরম নুডলস ১ কাপ, মুরগির মাংসের কিমা ১ কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, লবণ সিকি চা চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা মেলানো ১ চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ, ডিম ১টি, তেল ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

১. ডিম আর তেল বাদে সব উপকরণ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন।

২. এবার কাটলেটের আকারে তৈরি করে ফ্রিজে ১ ঘণ্টা রেখে দিন।

৩. কাটলেট ডিমের গোলায় ডুবিয়ে ফ্রাইপ্যানে তেল গরম করে সেলোফ্রাই করে পরিবেশন করুন।

স্টিম পাকোড়া

উপকরণ

বাঁধাকপির পাতা বড় ৪ পিচ, সেদ্ধ নুডলস ১ কাপ, টমেটো সস ৪ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ, সয়াসস ১ চা চামচ, গাজর সিকি কাপ, শসা সিকি কাপ, লবণ আধা চা চামচ, অলিভ অয়েল ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. বাঁধাকপির পাতার ভেতরে ওপরের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পুর ভরে সুন্দর করে ফোল্ড নিন।

২. স্টিমারের মধ্য দিয়ে ঢেকে ১০ মিনিট স্টিম করে নিন।

৩. পরিবেশনের সময় লবণ, গোলমরিচ ছিটিয়ে গরম-গরম পরিবেশন করুন।

স্প্রিং রোল

উপকরণ

নুডলস ১ প্যাকেট, সয়াসস ১ টেবিল চামচ, চিকেন কুচি ৪ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, ডিম ১টি ঝুরা করা, আদা কুচি ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১টি, সাদা গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, স্প্রিং রোলের সিট ৮টি, তেল ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

১. ফ্রাইপ্যানে অল্প তেল নিয়ে তাতে আদা-রসুন কুচি, পেঁয়াজ দিয়ে লালচে করে ভেজে নিন।

২. ভাজা হলে মুরগির মাংসসহ বাকি সব উপকরণ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন।

৩. মিশ্রণটি নরমাল তাপমাত্রায় এলে মিশ্রণ স্প্রিং রোলের সিটের ভেতরে ভরে পেঁচিয়ে নিন।

৪. এবার অল্প তেলে বাদামি করে ভেজে গরম-গরম পরিবেশন করুন।