সংবাদ সম্মেলনে কাদের

বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে

‘বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সাম্প্রদায়িক উগ্রবাদ আর স্বাধীনতার পরাজিত শত্রুদের সঙ্গে সখ্য করতে গিয়ে বিএনপি এখন নিজ চরিত্র হারিয়েছে।’

গতকাল শুক্রবার সকালে তার বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

‘রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতাদের এমন বক্তব্য শুনে মনে হয় তারা এখন নিজেদের ভাবনা ছেড়ে দিয়ে আওয়ামী লীগকে নিয়ে ভাবতে শুরু করছে। এসব আষাঢ়ে গল্পের অবতারণা করে তারা আত্মতুষ্টি বোধ করছেন। নিজেদের চরম ব্যর্থতা ঢাকতে এসব কাল্পনিক ও অন্তঃসারশূন্য বাক্যচর্চা বিএনপির পুরনো অভ্যাস। বিএনপি যে অপরাজনীতি ও নেতিবাচক রাজনীতি অব্যাহত রেখেছে তাতে তারা ক্রমেই হতাশার গভীরেই নিমজ্জিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা যত কথাই বলুন না কেন, জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা পেতে মরিয়া বিএনপির নেতাকর্মীরা এখন গণহতাশায় ভুগছে। বিএনপির জনসমর্থন তলানিতে পৌঁছে যাওয়ায় তারা আওয়ামী লীগকে দেউলিয়া হয়ে গেছে বলে যে দিবাস্বপ্ন দেখছে তা তাদের ভাবনায় জনপ্রত্যাখ্যান থেকে সৃষ্ট প্রলাপ মাত্র।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ কোনো ভুঁইফোড় সংগঠন নয় যে, কারও যোগসাজশে দেশ চালাতে হবে। শেখ হাসিনা জনমানুষের আস্থা এবং সমর্থন নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ দেশের মানুষ জানে আওয়ামী লীগ শোষণ করে না বরং দেশকে শোষণমুক্ত করেছে। জনগণের সম্পদ লুটপাট করে না বরং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করেছে।’