মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক পুলিশ সদস্যের স্ত্রীর হাত-মুখ বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
নিহত বিলকিস আক্তার মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের মাজেম বেপারীর মেয়ে।
বাড়ির মালিক কিতাবউদ্দিন জানান, গত আগস্ট মাসে পুলিশ সদস্য মো. মাসুদ রানা ফ্ল্যাটটি ভাড়া নেন। মাসুদ রানা গাজিপুরে কমরত। তিনি বিলকিসের চতুর্থ স্বামী বলে জানা গেছে। বিলকিস আক্তার দুই সন্তানকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকেন। মাসুদ রানা ছুটি পেলে বাসায় আসতেন। সকাল আটটার দিকে মাসুদ রানার সন্তানদের কান্নার শব্দ পেয়ে প্রতিবেশীসহ কয়েকজন ঘরে ঢুকে বিলকিসের মৃতদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হয়।
বিলকিসের স্বামী মাসুদ রানা জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা বলেন, আপাতত মনে হচ্ছে শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।