বরিশালে শ্রমিক-কর্মচারী ও দলিত পরিষদের সমাবেশ

নিয়োগপত্র ও সার্ভিস বুক প্রদান, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণের দাবিতে বরিশালে সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ।

শনিবার সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিভিন্ন দাবিতে সমাবেশ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বরিশাল জেলা কমিটি।

জেলা শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি তুষার সেন, শ্রমিক দল নেতা ফয়েজ মাহমুদ, দরজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আল-আমীন এবং রিকশা শ্রমিক নেতা জাহাঙ্গীর কবির মুকুল প্রমুখ।

বক্তারা সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারকে আজীবনের ক্ষতিপূরণসহ অন্যান্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এদিকে সকাল ১১টায় আইন মন্ত্রণালয়ের প্রস্তাবিত ‘বৈষম্য বিলোপ আইন-২০১৪’ পাশ সহ ১০ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে দলিত পরিষদ বরিশাল বিভাগীয় ও জেলা কমিটি।

সংগঠনের বিভাগীয় সভাপতি জীবন রবি দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এ কে আজাদ, জেলা দলিত পরিষদ নেতা মহাদেব রবি দাস, উজ্জ্বল রায় ভুলু প্রমুখ।

বক্তারা আইন মন্ত্রণালয়ের প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন পাশ করাসহ দলিত সম্প্রদায়ের ১০ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।