শিগগিরই উদ্বোধন হচ্ছে স্বপ্নের পায়রা সেতু

দেশের দক্ষিণাঞ্চলের অন্তত ৫০ লাখ মানুষের স্বপ্নের লেবুখালী পায়রা সেতু শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে। এখন চলছে ঘষা-মাজা, রং, লাইটিংসহ শেষ মুহূর্তের সৌন্দর্যবর্ধনের কাজ। রাতের সড়কবাতিতে নতুন করে সেজেছে পায়রা নদী। দেশের দ্বিতীয় বৃহত্তম ফোর লেনের লেবুখালী পায়রা সেতুর সড়কবাতি দৃষ্টি কাড়ছে সবার। সন্ধ্যা নেমে এলেই রূপ বদলে যায় সেতুসহ পায়রা নদীর। সড়কবাতির আলোর ঝলকানি সবাইকে আকৃষ্ট করছে।

দুটি অ্যাবাটমেন্ট ও ৩১টি পিয়ারে নির্মিত সেতুটির প্রায় ৯৯ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বলা হচ্ছে আনুষঙ্গিক কাজ চলতি মাসের মাঝামাঝি সম্পন্ন হলে আগামী অক্টোবরেই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

পায়রা সেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী আবদুল হালিম দেশ রূপান্তরকে বলেন, বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ৩৯ কিলোমিটারে পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীর ওপর ‘লেবুখালী সেতু’ নির্মাণের মধ্য দিয়ে দক্ষিণ উপকূলের ৫০ লাখ মানুষের স্বপ্নপূরণ হয়েছে। সেতুটি আগামী অক্টোবর মাসেই যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। ব্রিজটির প্রাক্কলিত নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা।