মেয়ের বিয়েতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবার মৃত্যু

রংপুরের বদরগঞ্জে মেয়ের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা আতিয়ার রহমান (৫০) মারা গেছেন। গত শুক্রবার রাতে কালুপাড়া ইউনিয়নের উত্তরপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার দামোদরপুর ইউনিয়নের প্রামাণিক পাড়ায়। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, কনে আইরিন নাহার কালুপাড়া ইউনিয়নের উত্তরপাড়ায় নানা আবদুল গাফফারের কাছে বেড়ে ওঠেন। শুক্রবার ওই বাড়িতে তার বিয়েতে বাবাসহ অন্য আত্মীয়স্বজন উপস্থিত হন। এ সময় আনুমানিক রাত ১০টার সময় বরপক্ষের লোকজনকে খাওয়ানোর সময় বাবা আতিয়ার রহমান অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত দেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে দ্রুত উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।