আফগানিস্তানের তালেবান দেখে বাংলাদেশে দিবাস্বপ্নে যদি কেউ বিভোর থেকে থাকে, এটা বাস্তবায়িত হবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
গতকাল শনিবার বিকেলে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটকে জমি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শ ম রেজাউল করিম আরও বলেন, বিগত দিনে ভারতে বিজেপি ক্ষমতায় আসার পরে বাংলাদেশের কিছু মানুষ উচ্ছ্বসিত হয়েছিল।
ভেবেছিল বিজেপি এখানে এসে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। বাংলাদেশের সাম্প্রদায়িক কিছু ব্যক্তি উচ্ছ্বসিত হয়েছিল, সফল হয়নি। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব প্রমুখ।