টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির দুই কর্মী নিহত হয়েছেন।
শনিবার রাত ১১টার দিকে ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আরাফাত হোসেন ও দেলোয়ার হোসেন। আরাফাত একমি কোম্পানির এবং দেলোয়ার গ্লুটেক কোম্পানির রিপ্রেজেনটেটিভ হিসেবে সখীপুরে দায়িত্বরত ছিলেন।
আরাফাত হোসেনের বাড়ি নাটোর ও দেলোয়ার হোসেনের বাড়ি দিনাজপুরে বলে তাদের সহকর্মীরা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরাফাত ও দেলোয়ার একটি মোটরসাইকেলযোগে সখীপুরে যাচ্ছিলেন। রাত ১১টার দিকে ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে আরাফাত ও দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান। তাদের দু'জনের মাথা ছিন্নভিন্ন হয়ে গেছে।
রাত সাড়ে ১১টার দিকে সখীপুর থানা-পুলিশ লাশ দুটি উদ্ধার করে নিয়ে গেছে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন বলেন, কাভার্ডভ্যানটি মির্জাপুরের গোড়াই এলাকা থেকে আটক করা হয়েছে।