খাগড়াছড়িতে বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড জাহেদ আহমেদ টুটুল (৬০)-এর মরদেহ পাওয়া গেছে।
রবিবার সকালে তার পরিচিতজনরা মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
পলাশ চৌধুরী নামের একজন ব্যবসায়ী ও সমাজকর্মী, যিনি কমরেড টুটুলেরও ঘনিষ্ঠ। তিনি জানান, গতকাল দিনের বেলায় তিনি (টুটুল) তার আরেক রাজনৈতিক সহকর্মী ডা. সুশান্ত বড়ুয়াকে সঙ্গে নিয়ে খাগড়াছড়ি শহরে যান।
সন্ধ্যার দিকে নিজ মোটরসাইকেলে তিনি একা মাটিরাঙ্গার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু অনেক রাতেও বাসায় না ফেরায় তার সহকর্মীরা চারদিকে খোঁজ করতে থাকেন।
আজ সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে মাটিরাঙ্গা উপজেলার ‘সাপমারা-ব্যাঙমারা’ এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচে মোটরসাইকেলসহ তার মরদেহ পাওয়া যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, টুটুলের মরদেহ উদ্ধার করেছে।
কমরেড জাহেদ আহমেদ টুটুল পেশায় একজন কৃষিজীবী এবং ফুলটাইম বাসদ’র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। টুনি আহমেদ নামে তার একমাত্র মেয়ে থাকলেও বছর দশেক আগে স্ত্রীর সঙ্গে সম্পর্কহীন ছিলেন।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সড়ক দুর্ঘটনা। তারপরও পুলিশ তদন্ত করে দেখছে অন্যকোনো কারণ আছে কিনা। তার মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।