নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক গৃহবধূকে স্বামী ও দেবর মিলে নির্যাতনের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় রোববার দুপুরে পুলিশ অভিযুক্ত দুই আসামিকে আটক করেছে।
আটকেরা হলেন স্বামী আমির হোসেন (৪২) ও তার বোন হাসিনা বেগম। দুজন-ই সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের বাসিন্দা।
এর আগে গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর মোহাম্মদীয়া মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
পরে রোববার গৃহবধূকে নির্যাতনের এক মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে গৃহবধূকে (৩০) তার স্বামী আমির হোসেন ও দেবর এরশাদ নির্দয়ভাবে মারধর করে। ঘটনার পর নির্যাতনের শিকার গৃহবধূ তার বাবার বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলায় গিয়ে চিকিৎসা নিচ্ছেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে ঘটনায় আরেক হোতা ‘দেবর’ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। মামলায় সোমবার সকালে গ্রেপ্তার আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।