আরও সাড়ে ৬ হাজার কোটি টাকার অলস তারল্য বাজার থেকে তুলে নিল বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার ৩০ দিন মেয়াদি ‘বাংলাদেশ ব্যাংক বিল’ নিলামে আবেদন পড়েছিল ৬ হাজার ৫৪৫ কোটি টাকার বিল কেনার। বিল বিক্রির মাধ্যমে ব্যাংকগুলোর কাছ থেকে মোট ৬ হাজার ৪২৫ কোটি টাকা তুলে নেয় কেন্দ্রীয় ব্যাংক। এই দিন বিলের মেয়াদান্তে সুদ (কাট অফ ইল্ড) ছিল ১ দশমিক ৬০ শতাংশ।
এর আগে ৫ সেপ্টেম্বর ৭ দিন মেয়াদি বিলে ১ দশমিক শূন্য ১ শতাংশ সুদে ৩ হাজার ৬২০ কোটি টাকা এবং ১৪ দিন মেয়াদি বিলে ১ দশমিক ৩০ শতাংশ সুদে ৩ হাজার ৯৫০ কোটি টাকা তুলে নেয় কেন্দ্রীয় ব্যাংক। মোট ৭ হাজার ৫৭০ কোটি টাকার বিল বিক্রি হয়। চলতি বছর ‘বাংলাদেশ ব্যাংক বিল’ নিলামে এই দিনই সর্বোচ্চ পরিমাণ বিল নিলাম করে কেন্দ্রীয় ব্যাংক।
করোনার মধ্যে বেসরকারি খাতের ঋণপ্রবাহে গতি না থাকায় অলস তারল্য ব্যাংকগুলোর জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছিল। এই পরিস্থিতিতে দীর্ঘ আড়াই বছর পর চলতি বছরের আগস্টে আবারও স্বল্প মেয়াদি বিল নিলাম শুরু করে বাংলাদেশ ব্যাংক। নিলাম শুরুর পর থেকে গত আগস্ট মাসে ১৯ হাজার ৯৪১ কোটি টাকা তুলে নেয় কেন্দ্রীয় ব্যাংক। ৭, ১৪ ও ৩০ দিন মেয়াদি বিলে পাঁচ দিনের নিলামে অংশ নিয়ে এ পরিমাণ টাকার বিল কেনে ব্যাংকগুলো। এর আগে সর্বশেষ ২০১৯ সালের ৩ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম হয়।