সোনারগাঁ থেকে অপহৃত শিশু ৯ ঘণ্টা পর ঢাকায় উদ্ধার

সোনারগাঁ থেকে অপহৃত ১৬ মাস বয়সী শিশুটিকে নয় ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে গত রবিবার বিকেলে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকার ভাড়া বাসা থেকে তাকে অপহরণ করে বাসার গৃহকর্মী। পুলিশ অপহরণকারী গৃহকর্মী শারমিনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, গত রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির কাজের মেয়ে শারমিন শিশুটিকে অপহরণ করে নিয়ে গেলে বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানানো হয়।

শিশুটির মা নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষক এবং বাবা নারায়ণগঞ্জ আদালতের আইনজীবী। শিশুটিকে দেখাশোনার জন্য ২৫-২৬ দিন আগে শারমিনকে নিয়োগ দেওয়া হয়। তার বাড়ি লালমনিরহাট জেলায়। 

শারমিনের মা রূপগঞ্জ থানার তারাবো বিশ্বরোড এলাকায় বাসাবাড়িতে কাজ করেন। পুলিশ শারমিনের মাকে খুঁজে বের করে শারমিন সম্পর্কে অপরাধীদের সঙ্গে সখ্য এবং মাদকাসক্তির কথা জানতে পারে। পরে রাত দেড়টায় মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারী শারমিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, পুলিশ অভিযান চালিয়ে মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দিতে পেরেছে।