ময়মনসিংহ মেডিকেলে করোনায় ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা আক্রান্তে ৩ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা যায়।

মৃতদের মধ্যে ময়মনসিংহের ৩ জন, টাঙ্গাইলের ২ জন এবং শেরপুর ও নেত্রকোনার ১ জন করে রয়েছে। এর মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী।

এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৫৯ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

করোনা আক্রান্তে মৃত ব্যক্তি হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার শামসুল হক (৯০), তারাকান্দা উপজেলার আব্দুল কুদ্দুছ (৬০) ও মুক্তাগাছা উপজেলার জমিলা আক্তার (৭০)।

এছাড়াও শেরপুর শ্রীবরদী উপজেলার ওসমান গনি (৫৫), নেত্রকোনা সদরের আব্দুস সালাম (৪৫) টাঙ্গাইল মধুপুর উপজেলার মকবুল হোসেন (৬০) ও সাহেরা খাতুন (৮০) করোনা উপসর্গ নিয়ে মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০০ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ১০ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৮ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৮২ টি নমুনা পরীক্ষায় ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৫৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৫৯৭ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৩০৮ জন।