পটুয়াখালীর রাঙ্গাবালীতে মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৪ মন বই কেজি দরে বাজারে বিক্রি করে দিয়েছেন প্রধান শিক্ষক আলাউদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক আইজউদ্দিন।
সোমবার বিকেলে মিঠুন সরকার নামের এক ভাঙারি ব্যবসায়ীর কাছে এসব বই বিক্রি করা হয়। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মাশফাকুর রহমান অবগত নন বলে জানিয়েছেন।
বই ক্রেতা মিঠুন সরকার জানান, সোমবার শেষ বিকেলে তিনি পুরোনো লোহা ক্রয়ের জন্য ওই এলাকায় যান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক আইজউদ্দিন তাকে ডেকে সাড়ে ১৪ মন বই বিক্রি করে দেন।
রাঙ্গাবালী উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনাধি বাহাদুর জানান, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি মাশফাকুর রহমান জানান, বিদ্যালয়ের কোন কিছু ক্রয় কিংবা বিক্রি করতে হলে মিটিংসহ রেজুলেশন করা প্রয়োজন। এ বিষয়ে তাকে অবগত করা হয়নি।
এ বিষয়ে মোডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।