১৯৭০ সালে প্রতিষ্ঠিত পিএসজি ৫০ বছরের চেষ্টায় ২০১৯-২০ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল। কিন্তু বায়ার্ন মিউনিখের কাছে হেরে যাওয়ায় শিরোপা জেতা হয়নি। গত মৌসুমেও সেমিফাইনালে গিয়ে ম্যানচেস্টার সিটির কাছে হারতে হয়। এবার বিশ্বসেরা লিওনেল মেসিকে এনে অধরা সেই শিরোপা-স্বপ্ন পূরণ করতে চাচ্ছে পিএসজি। বেলজিয়ান ক্লাব ব্রুজের সঙ্গে ম্যাচ দিয়ে মেসির সেই মূল মিশন শুরু হচ্ছে নতুন ক্লাবে।
মেসি যোগ দেওয়ার আগে ৯ মৌসুমে ৭ বার ফ্রেঞ্চ শীর্ষ লিগ শিরোপা জিতেছে পিএসজি। পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি নেইমার-এমবাপেদের নিলেও তারা ক্লাবকে ইউরোপসেরা করতে পারেননি। মেসির ঝুলিতে আছে চারটি চ্যাম্পিয়নস লিগ জয়ের অভিজ্ঞতা। আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি। কিন্তু এত সব রেকর্ড গড়েছেন মেসি বার্সেলোনার হয়ে। বার্সেলোনা ছাড়া অন্য ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগে মেসি কেমন করেন তা দেখতেই অপেক্ষায় ফুটবল ভক্তরা।
পিএসজির হয়ে মেসির অভিষেক হয়েছে ২৯ আগস্ট। রিমসের সঙ্গে সে ম্যাচে মিনিট ত্রিশেক খেলেছেন তিনি। এরপর বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে গিয়ে হ্যাটট্রিক করে নিজেকে ছন্দে ফিরিয়েছেন। আজ তাকে একাদশেই দেখা যাওয়ার সম্ভাবনা বেশ। ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে মেসি ছাড়াও আছেন নেইমার-এমবাপে। যদি তিনজনই একাদশে থাকেন, তবে পিএসজির আক্রমণভাগে প্রথমবারের মতো ত্রিফলাকে দেখা যাবে একসঙ্গে। আজ পিএসজির গোলবারের নিচে থাকতে পারেন ইউরো ২০২০-এর সেরা খেলোয়াড় জিয়ানলুইজি দোন্নারুমা। যদিও এক নম্বর গোলরক্ষক কেইলর নাভাসও আছেন স্কোয়াডে। নেই ইনজুরি আক্রান্ত সার্জিও রামোস। আর গেল মৌসুমে সেমিফাইনালের দ্বিতীয় লেগে লাল কার্ড দেখা ডি মারিয়া।
চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে শেষ ৩২ ম্যাচেই গোল পেয়েছে পিএসজি। গেল দুই আসরে অন্তত সেমিফাইনাল খেলেছে প্যারিসের দলটি। ব্রুজ গেল তিন আসরে গ্রুপে হয়েছে তৃতীয়। তবে তারাই বেলজিয়ামের একমাত্র দল যারা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছে। ১৯৭৮ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে লিভারপুলের কাছে হেরেছিল তারা। তারও আগে ১৯৭৬ সালে তখনকার উয়েফা কাপ ফাইনালেও লিভারপুলের কাছে হেরেছিল ১৭ বার বেলজিয়ান লিগ জয়ী ক্লাব ব্রুজ। পিএসজির সঙ্গে ব্রুজ ২০১৯-২০ মৌসুমেও একই গ্রুপে ছিল। সেবার পিএসজি ৫-০ ও ১-০ গোলে জিতেছিল দুই লেগে। দুই লেগেই ইকার্দি গোল করেন একটি করে। নেইমার ও এমবাপেও গোল করেছিলেন।
ম্যানসিটির মাঠে লাইপজিগ
২৮ সেপ্টেম্বর পিএসজির পরের ম্যাচ গত চ্যাম্পিয়নস লিগ রানার্সআপ ম্যানসিটির সঙ্গে। আরেক আরব ধনকুবের আল মনসুরের ক্লাব তার আগে লাইপজিগের সঙ্গে ঘরের মাঠে ম্যাচ দিয়ে শুরু করছে তাদের মিশন। জার্মান ক্লাব লাইপজিগ ২০১৯-২০ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে হেরেছিল পিএসজির কাছে। গেল মৌসুমেও পিএসজির গ্রুপ থেকেই শেষ ষোলোতে উঠেছিল তারা। গতবার গ্রুপের আরেকটি দল ছিল আরেক ম্যানচেস্টার ক্লাব ইউনাইটেড। প্রতিপক্ষ নিয়ে সতর্ক সিটির ফেরান তোরেস, ‘এটি চ্যাম্পিয়নস লিগ। বড় টুর্নামেন্ট। তাই এখানে নির্ভার থাকার উপায় নেই। যেকোনো দল হারাতে পারে যেকাউকে। সবাই এই প্রতিযোগিতায় এসেছে যোগ্যতা দিয়েই।’ গত মৌসুমে না পারলেও এবার চ্যাম্পিয়নস লিগ জিততে চান চলতি ইপিএলে চার ম্যাচে দুই গোল করা তোরেস ‘হ্যাঁ, গেল মৌসুমে আমরা জিততে পারিনি। কিন্তু এবার আরও একটি সুযোগ পেয়েছি আমরা। জেতার জন্য সেরাটাই দেব।’