করোনায় মৃত্যু

বনানীতে শান্তিরক্ষী সেনা কর্মকর্তার জানাজা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সেনা কর্মকর্তা লে. কর্নেল এ কে এম মাহমুদুল হাসান করোনায় আক্রান্ত হয়ে গত ৮ সেপ্টেম্বর ঘানার আক্রায় লেভেল-৩ হাসপাতালে মৃত্যুবরণ করেন। গতকাল মঙ্গলবার বনানী সামরিক কবরস্থানে তার জানাজা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়, জানাজায় ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানসহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও সব পদবির সদস্যরা উপস্থিত ছিলেন। জানাজার পর ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান মরহুমের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন।

আইএসপিআর জানিয়েছে, এরপর শান্তিরক্ষী সেনা কর্মকর্তার মরদেহ ঢাকার তুরাগে তার নিজ বাড়িতে পাঠানো হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় তার দাফনকার্য সম্পন্ন হয়। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসন্তান রেখে গেছেন।