অর্থ পাচারের অভিযোগ

এস কে সিনহার মামলার রায় ৫ অক্টোবর

ব্যাংকের চার কোটি টাকা আত্মসাৎ ও সেই টাকা বিদেশে পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। আগামী ৫ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম গতকাল মঙ্গলবার এই দিন ঠিক করেন।

মামলার আসামিদের মধ্যে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা, ফারমার্স ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, রণজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায় পলাতক রয়েছেন। এ কারণে তারা আত্মপক্ষ শুনানি করে বক্তব্য দেওয়া ও যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেননি। অপর সাত আসামির পক্ষে তাদের আইনজীবী বোরহান উদ্দিন ও শাহীনুর ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। তারা আসামিদের খালাস দাবি করেন।

আসামিদের মধ্যে ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী) কারাগারে রয়েছেন। ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীম, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান এবং একই এলাকার বাসিন্দা নিরঞ্জন চন্দ্র সাহা জামিনে আছেন।

২০১৯ সালের ১০ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে একই বছরের ৯ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের পরিচালক বেনজীর আহমেদ। গত বছরের ১৩ আগস্ট একই আদালতে ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার অভিযোগপত্রভুক্ত ২১ সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয় গত ২৪ আগস্ট।