ব্রুজের বিপক্ষে পিএসজি স্কোয়াডে মেসি-নেইমার

ক্লাব ব্রুজের বিপক্ষে ম্যাচ দিয়ে বুধবার চ্যাম্পিয়নস লিগের নতুন আসর শুরু করতে যাচ্ছে পিএসজি। যে ম্যাচের জন্য ঘোষিত পিএসজি স্কোয়াডে রয়েছেন লিওনেল মেসি ও নেইমার। শনিবার লিগ ওয়ানে ক্লেরমঁতের বিপক্ষে ছিলেন না এই দুই বড় তারকা।

আর্জেন্টাইন তারকা মেসি ও ব্রাজিলিয়ান তারকা নেইমান নিজ দেশের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অংশ নেন। সেই মিশন শেষ করে শুক্রবার প্যারিসে ফিরেন। তাই শনিবারের লিগ ওয়ানের ম্যাচের তাদের রাখেননি কোচ মরিসিও পচেত্তিনো। তবে ব্রুজের বিপক্ষে শুরুর একাদশেই এই দুই তারকার দেখা মিলতে পারে।

এদিকে পিএসজির ২২ সদস্যের স্কোয়ডে নেই অ্যাঙ্গেল ডি মারিয়া। এই আর্জেন্টাইন তারকা ওপর উয়েফার তিন ম্যাচের নিষেধাজ্ঞা রয়েছে। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিফাইনালে লাল কার্ড দেখেছিলেন তিনি।

সেন্টারব্যাক সার্জিও রামোসের পিএসজি অভিষেক আরো পেছাচ্ছে। থাই ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেননি তিনি। আর হাঁটুর চোটে ম্যাচ থেকে ছিটকে গেছেন ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তি।