লুকাকুর গোলে জয়ে শুরু চ্যাম্পিয়ন চেলসির

জয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু হল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসির। ‘এইচ’ গ্রুপে রোমেলু লুকাকুর একমাত্র গোলে ১-০ ব্যবধানে হারিয়েছে রাশিয়ান ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গকে।

ইন্টার মিলান ছেড়ে চলতি মৌসুমে ফের চেলসিতে যোগ দিয়েছেন ‍লুকাকু। পুরোনো ঠিকানায় এসে দারুণ ছন্দে আছেন বেলজিয়ান ফরোয়ার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিমধ্যে তিন ম্যাচ মাঠে নেমে তিন গোল করে ফেলেছেন তিনি।  

ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে পিটার্সবার্গের বিপক্ষে প্রথমার্ধে জাল খুঁজে না পেলেও দ্বিতীয়ার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ব্লুজরা। ৬৯তম মিনিটে সিজার আজপিলিকুয়েতার পাস থেকে চেলসিকে এগিয়ে দেন লুকাকু।

বাকি সময় এই ব্যবধান ধরে রেখে জয় তুলে নেয় টমাস টুখেলের দল।