বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের সামনে পাথরবোঝাই একটি ট্রাকসহ বেইলি সেতু খালে ভেঙে পড়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
এতে বরিশাল থেকে বানারীপাড়া উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানায়, পাথরবোঝাই ট্রাকটি বরিশাল থেকে বানারীপাড়া যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে ট্রাকটি সেতুর মাঝ বরাবর উঠলে এটি ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। এরপর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, ১৬ বছর আগে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের সামনের খালের ওপর নির্মিত ৬০ মিটার দৈর্ঘ্যের বেইলি সেতুটি নির্মিত হয়। পুরোনো এ সেতুর ওপর দিয়ে প্রায়ই অতিরিক্ত মালামালবোঝাই যানবাহন চলাচল করে।
বুধবার সকালের দিকে অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক বরিশাল থেকে বানরীপাড়ার উদ্দেশে যাওয়ার সময় সেতুটি পার হতে গেলে ভেঙে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক বলেন, বরিশাল জেলা ও বাবুগঞ্জ উপজেলার সঙ্গে বানারীপাড়া ও পিরোজপুরের স্বরুপকাঠী, নেছারাবাদসহ বেশ কয়েকটি উপজেলায় উপজেলার সঙ্গে যোগাযোগে সরাসরি বাস, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ওই সেতুর ওপর দিয়ে চলাচল করে। ফলে সেতুটি ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে এসব এলাকার লক্ষাধিক মানুষ।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, ভেঙে পড়া সেতুটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুম মাহমুদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।