আবারও চোটে পড়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। দলের আক্রমণভাগের অন্যতম তারকা গোড়ালির সমস্যাতে পড়ায় বুধবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম অভিযানে সুইডিশ স্ট্রাইকারকে পাচ্ছে না এসি মিলান।
ইব্রাকে ছাড়ায় লিভারপুলের মুখোমুখি হবে রোজোনেরিরা। তবে অ্যানফিল্ডে নিজেদের রেকর্ড বেশ ভালো ইতালিয়ান জায়ান্টরদের। অলরেডদের মাঠে শতাংশ জয় আছে মিলানের।
গত রবিবার সিরি’আয় লাৎসিওর বিপক্ষে ম্যাচ দিয়ে চার মাস পর মাঠে ফেরেন আগামী অক্টোবরে ৪০ বছরে পা দিতে যাওয়া ইব্রা। আর ফিরেই করেন গোল। সঙ্গে জুটেছে চোটও।
ইব্রার চোট সম্পর্কে সান সিরোর কোচ স্তেফানো পিওলি বলেন, ‘মাচের পর তার কিছুটা অস্বস্তি হচ্ছিল। সে খেলতে পারতো। কিন্তু তার এখনো ব্যথা রয়েছে। তার জন্য আমরা ঝুঁকি নিতে চায় না।’
চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের দুই সফল ক্লাব — এসি মিলান ও লিভারপুল। দুই জায়ান্টের লড়াইও বেশ পুরোনো। তার মধ্যে ২০০৫ সালে, ইস্তাম্বুলের ফাইনাল পেয়েছে ধ্রুপদি ম্যাচের মর্যাদা। মিলানের বিপক্ষে প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে কামব্যাকের অসাধারণ গল্প লিখে শিরোপা জিতে নেয় লিভারপুল। ফুটবল ইতিহাসে কামব্যাকের এমন রোমাঞ্চকর গল্প তেমন নেই বললেই চলে।
অবশ্য দুই বছর পর প্রতিশোধ নেয় মিলান। এবারের ভেন্যু অ্যাথেন্স। ২০০৭ সালের ফাইনালে এবারও পিছিয়ে পড়ে লিভারপুল। তবে শেষদিকে গোল করেও সমতায় ফিরতে পারেনি অলরেডরা। নিজেদের ইতিহাসের সপ্তম ও শেষ চ্যাম্পিয়নস লিগ জিতে নেয় মিলান। যা রিয়াল মাদ্রিদের পরে আসরের দ্বিতীয় সর্বোচ্চও।
এক সময়ের ফুটবল জায়ান্টদের মাঝখানে বেশ খারাপ সময় কেটেছে। তবে কোচ পিওলির অধীনে সিরি’আয় শীর্ষ চারে থেকে গত মৌসুম শেষ করে চ্যাম্পিয়ন লিগ নিশ্চিত করে মিলান। ২০১৪ সালের পর এই প্রথম ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে রোজোনেরিরা। পিওলির শিষ্যরা এবার যুক্তরাজ্য সফরে যাচ্ছে লিগে টানা তিন ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে।
দুর্দান্ত ছন্দে আছে লিভারপুলও। গত ম্যাাচে তারা লিডস ইউনাইটেডকে হারিয়েছে ৩ গোলের ব্যবধানে। প্রিমিয়ার লিগে চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে তারা।
মিলান ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে হতোদ্যম হয়ে পড়লেও অলরেডরা ফের নিজেদের শৌর্যবীর্যের ইতিহাস জানান দিয়ে দীর্ঘ ১৪ বছর পর ২০১৯ সালে জিতেছে নিজেদের ষষ্ঠ শিরোপা। তার আগের মৌসুমে খেলেছে ফাইনাল। কোচ ইয়ুর্গেন ক্লপের হাত ধরে ফের ইউরোপের জায়ান্ট হয়ে উঠেছে লিভারপুল।
এবার গ্রুপ পর্বেই দেখা হয়ে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের দুই সফল দলের। বি-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি লিভারপুল-মিলান।
তবে সাম্প্রতিক শক্তির বিচারে এগিয়ে ক্লপের দল। এদিকে ইব্রা না থাকায় চিন্তটাও কমেছে অ্যানফিল্ডের কোচের। ক্লপ নিজেও যে ইব্রার প্রশংসায় পঞ্চমুখ। ‘জ্লাতান, কী অসাধারণ খেলোয়াড়’, এই প্রশংসা খোদ লিভারপুলের জার্মান কোচেরই।