চার দফা দাবি

চট্টগ্রামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ

পেশা ও কারিকুলামগত সমস্যা নিরসনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ঘোষিত চার দফা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। সমাবেশে আলাপ-আলোচনার মাধ্যমে দ্রুত দাবি বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী পরিষদ নেতারা।

গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল কবির। প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. নেছার উদ্দিন। জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, প্রকৌশলী খোরশেদ আহমদ, প্রকৌশলী জামাল উদ্দিন, প্রকৌশলী দয়াল চন্দ্র চাকমা, প্রকৌশলী মো. কাহীন চৌধুরী, প্রকৌশলী রফিকুর রহমান, প্রকৌশলী আবু জাফর প্রমুখ।