এক রাউন্ড হাতে রেখেই চ্যাম্পিয়ন নৌবাহিনী

মুজিববর্ষ প্রথম নারী লিগের শিরোপা জিততে প্রয়োজন ছিল একটা জয়ের। সেই জয়টা নিশ্চিত করে গতকাল ইতিহাসে নাম লিখিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল তারা অষ্টম রাউন্ডে ৩-১ পয়েন্টে বসির মেমোরিয়াল চেজ ক্লাবকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে। আট রাউন্ড শেষে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। যা তাদের নিয়ে গেছে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ পুলিশ চেজ ক্লাবের ধরাছোঁয়ার বাইরে। গতকাল নিজেদের খেলায় সোনালী ব্যাংক এসআরসিকে হারিয়েছে পুলিশও। তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট।  আজ শেষ রাউন্ডে নৌবাহিনী সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের কাছে হারলেও চ্যাম্পিয়ন তারাই।  গত ৮ সেপ্টেম্বর ১০ দল নিয়ে শুরু হয়েছিল প্রথম নারী লিগ। এর আগে নারীদের খেলতে হতো পুরুষ দাবাড়–দের সঙ্গে। আসরটির পৃষ্ঠপোষকতা করছে আকিজ সিরামিকস।