খোঁজ মেলেনি ৩ ছাত্রীর

জামালপুরে ৪ শিক্ষক কারাগারে

নিখোঁজের চার দিনেও খোঁজ মেলেনি জামালপুরের ইসলামপুরের দারুত তাক্বওয়া মহিলা মাদ্রাসার তিন ছাত্রীর। এ ঘটনায় গতকাল বুধবার সকালে ইসলামপুর থানায় মাদ্রাসার পরিচালকসহ চার শিক্ষককে আসামি করে মানব পাচারের মামলা করেছেন নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা।

ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান জানান, তিন শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় আটক মাদ্রাসার পরিচালক মাওলানা মো. আসাদুজ্জামান, শিক্ষক ইলিয়াস হোসেন, রাবেয়া ও শুকরিয়া ছাড়াও অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে এক বাবা মামলা করেছেন। দুপুরে ওই মামলায় চার শিক্ষককে আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত ওই চার শিক্ষককে জেলহাজতে পাঠিয়ে ২০ সেপ্টেম্বর মামলার রিমান্ড শুনানির দিন ধার্য করেছে।