বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের কাছে একটি বেইলি সেতু পাথরবোঝাই ট্রাকসহ ভেঙে খালে পড়েছে। এতে বরিশালের সঙ্গে বানারীপাড়া উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে দুর্ভোগে পড়েছেন অসংখ্য যাত্রী ও পথচারী।
স্থানীয়রা জানায়, পাথরবোঝাই ট্রাকটি বরিশাল থেকে বানারীপাড়া যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে ট্রাকটি সেতুর ওপর উঠলে সেতু ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার। তিনি বলেন, ট্রাকটি উদ্ধার করার চেষ্টা চলছে। বর্তমানে ওই সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ থাকলেও বিকল্প বিভিন্ন পথে থ্রি হুইলারসহ ছোট যানবাহন চলাচল করছে।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, ১৬ বছর আগে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের সামনের খালের ওপর ৬০ মিটার দৈর্ঘ্যরে বেইলি সেতুটি নির্মাণ করা হয়। এ সেতুর ওপর দিয়ে প্রায়ই অতিরিক্ত পণ্যবোঝাই যানবাহন চলাচল করত।
সওজ বরিশালের নির্বাহী প্রকৌশলী মাসুম মাহমুদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।