নোয়াখালীর সদর উপজেলায় দাদপুরে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে হাকিমপুর ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মো. রুবেল হোসেন (২৭) উপজেলার দাদপুর ইউনিয়নের মো. হানিফের ছেলে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন রুবেল। পথে হাকিমপুর ব্রিকফিল্ড এলাকায় ৭-৮জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।
হামলাকারীরা প্রথমে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে ও পরে তার বুকের বাম পাশে গুলি করে জখম করে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে মৃত ভেবে হামলাকারীরা রুবেলকে তার বাড়ির সামনে রেখে পালিয়ে যায়।
পরে পথচারী ও স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় রুবেলকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার ভোরে গুলিবিদ্ধ রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, মাদক ব্যবসা সংক্রান্ত ঘটনা নিয়ে তাদের নিজেদের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।