পরিচ্ছন্নতা কর্মীর হাত-পা বাধা রক্তাক্ত লাশ

ঢাকার দোহার উপজেলায় এক পরিচ্ছন্নতা কর্মীর হাত-পা বাধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে দোহার থানা-পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার সুতারপাড়ার হলের বাজার থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল।

নিহত নুরুল ইসলাম (৫০) সুতারপাড়া এলাকার চাঁন মিয়া চৌকিদারের ছেলে। তিনি দুই যুগেরও বেশি সময় ধরে ওই বাজারে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই বাজারের মাছের আড়তের পাশের ময়লার স্তূপে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা দোহার থানা-পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানায়, নিহতের দুই হাতে দড়ি দিয়ে ও দুই পা মোটা গুনা (লোহার তার) দিয়ে বাধা ছিল, মুখে রক্ত ছিল। দুষ্কৃতকারীরা শ্বাসরোধ করে তাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কি কারণে একজন পরিচ্ছনতা কর্মীকে হত্যা করা হলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ওসি মোস্তফা কামাল জানান, নুরুল দীর্ঘ বিশ বছরের বেশি সময় ধরে ওই বাজার পরিচ্ছনতা কর্মীর কাজ করেছেন। থাকতেন বাজারেই। এ ঘটনায় তদন্ত চলছে। থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।