আপাতত স্টেজ শো করব না

জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ বেশ কিছুদিন হলো কাজে ফিরেছেন। নিজের জনপ্রিয় গানগুলো নতুন আঙ্গিকে আনার পাশাপাশি নতুন কাজে সময় ব্যয় করছেন। এখনকার ব্যস্ততা, স্টেজ শোর পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি

ব্যস্ততা...

কাজে নিয়মিত হয়েছি। সম্প্রতি ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমার একটি গান করলাম। এছাড়া পরিচালক এসএ হক অলিকের সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’র একটি গান করলাম। এ সিনেমায় অভিনয় করছেন শাকিব খান আর পূজা চেরী। গানটি নিয়ে আমি আশাবাদী। কারণ একটি গান যখন ভালো বাজেট দিয়ে শ্যুট করা হয় তখন সেটি দর্শক সহজেই গ্রহণ করে। তাছাড়া সিনেমার জনপ্রিয় তারকারা যে গানে অভিনয় করে সেটি সবসময়ই আলাদা গ্রহণযোগ্যতা পায়। সিনেমার কাজের বাইরে বেশ কিছু অ্যালবামের কাজ করলাম। অনেকের জন্য আমি নিজে সুর করলাম। আসিফ ইকবালের কথা ও কিশোর দাসের সুরে একটা গান করেছি। তার আগে প্রখ্যাত গীতিকবি শহীদ মাহদুম জঙ্গির কথা ও নকিব খানের সুরে একটা গান করেছি। অরুণ চৌধুরীর ‘জ¦লে জ¦লে তারা’ শিরোনামে একটি গানের কাজ শেষ করেছি গত মাসে। বেলাল খানের সুরে দুটি গান করা হয়েছে। এবার গানগুলো প্রকাশের ব্যাপারটা প্রোডাকশন হাউজগুলোর ওপর নির্ভর করছে। তারা রিলিজ দিলেই শুনতে পাবে শ্রোতারা।

নতুনদের জন্য...

নতুন শিল্পীদের জন্যও কাজ করছি আমি। কিছুদিন আগে কিশোরের জন্য কাজ করলাম। রিন্টু ভাইয়ের লেখা গান, আমার সুর ও সংগীতায়োজনে একটা গান করা হয়েছে। সেরা কণ্ঠের সুমনার জন্য একটা ও মৌমিতা বড়ুয়ার জন্য একটা গান করে দিয়েছি।

পুরনো গান নতুন করে...

অনেকেই জানেন, আমার পুরনো কিছু গান নতুন সংগীতায়োজনে প্রকাশের পরিকল্পনা করেছি। এখনো কাজ চলছে। যদিও বেশ আগে শুরু করেছিলাম, চার-পাঁচটি গান করা হয়েছে। এরপর আবারও লকডাউনে সবকিছু বন্ধ হয়ে গেল। এ পর্যন্ত আমার ১০টি গান এ তিন মাসের অ্যাকটিভিটিস। দ্রুত করা সম্ভব হচ্ছে না। গানগুলোতে আবার ভয়েস দিচ্ছি, অন্য স্টুডিওতে মিউজিক হচ্ছে, একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।

স্টেজ শো...

স্টেজ শো করা হচ্ছে না বলে রেকর্ডিং ও নতুন গানের কাজ ভালোই এগোচ্ছে। শো শুরু হয়ে গেলে এটুকুও করা হবে না মনে হয়। এরই মধ্যে বেশ কিছু শো-র প্রস্তাব পেয়েছি, আমি বাতিল করেছি। আপাতত স্টেজ শো করব না। কারণ দুবার টিকা নিয়েও কিন্তু আমি করোনা আক্রান্ত হয়েছি। অনেক দিন তো কাজ করেছি। এক-দুইটা বছর কাজ না করে যদি চিন্তামুক্ত থাকা যায় সেটাই তো অনেক।