আফগানিস্তানের ভারপ্রাপ্ত উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদারের এক ভিডিও সাক্ষাৎকারে হাজির হয়ে তালেবানের অন্য অংশের সঙ্গে বিবাদে নিজের আহত হওয়ার খবর অস্বীকার করেছেন। তালেবানের এই সহ-প্রতিষ্ঠাতা বেশ কয়েক দিন লোকচক্ষুর আড়ালে ছিলেন বলে জানিয়েছে বিবিসি।
প্রেসিডেন্ট প্রাসাদে বারাদারের সঙ্গে প্রভাবশালী হক্কানি নেটওয়ার্কের অনুগতদের ঝগড়া হয়েছে বলে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছিল আন্তর্জাতিক গণমাধ্যম। আফগান ন্যাশনাল টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বারাদার তালেবানের অন্তর্দ্বন্দ্বের খবর উড়িয়ে দিয়ে বলেন ‘না, এটা সত্য নয়। আমি ঠিক আছি, সুস্থ আছি। আমি কাবুলের বাইরে ছিলাম, ভুয়া খবর অস্বীকার করতে ইন্টারনেটে ঢোকারও উপায় ছিল না।’
দোহায় অবস্থিত তালেবানের রাজনৈতিক কার্যালয় বারাদারের সাক্ষাৎকারের ছোট ভিডিও ক্লিপটি টুইটারে প্রকাশ করে। বারাদার বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ। আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক ভালো, আমরা একে অপরকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে সম্পর্ক পরিবারের চেয়েও ভালো।’
গত ১৫ আগস্ট কাবুলের পশ্চিমা সমর্থিত সরকারকে পরাজিত করে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর তারা দেশটিকে ‘ইসলামিক আমিরাত’ হিসেবে ঘোষণা করে। ক্ষমতা নেওয়ার তিন সপ্তাহ পর অন্তর্বর্তী সরকার গঠন করে তালেবান। মন্ত্রিসভায় স্থান পাওয়া কয়েকজনকে যুদ্ধ চলাকালে সবচেয়ে ভয়াবহ কিছু আত্মঘাতী হামলার জন্য দায়ী করা হয় এবং তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ নিষেধাজ্ঞা দিয়েছিল।