বুন্দেসলিগার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হালান্দ

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন আর্লিং ব্রট হালান্দ। গোলপোস্টের সামনে ২১ বছর বয়সী স্ট্রাইকারকে আটকানোর চিন্তায় অস্থির থাকতে হয় প্রতিপক্ষের ডিফেন্ডারদের।

মাঠে নামলেই যে গোল করে বসেন হালান্দ। তার পুরস্কারও হাতেনাতে পেলেন নরওয়েজীয় তারকা। জার্মান বুন্দেসলিগার আগস্ট মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হয়েছেন তিনি।

বুন্দেসলিগা নিজেদের ওয়েবসাইটে এমনটাই জানিয়েছে। এছাড়া নিজের অফিশিয়াল ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করেছেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো।

বেসিকাতাসকে হারিয়ে চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করেছে বরুসিয়া ডর্টমুন্ড। ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই; আর পা গুটিয়ে হালান্দ বসে থাকবেন! ডর্টমুন্ডের ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করেন নরওয়েজীয় তারকা। চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত মোট ১৭ ম্যাচ খেলে ২৩ গোল করেছেন তিনি।

জার্মান কাপে হ্যাটট্রিক করে চলতি মৌসুম শুরু করেন হালান্দ। এরপর ডর্টমুন্ড বুন্দেসলিগায় এখন পর্যন্ত চার ম্যাচে খেলেছে। তার মধ্যে কেবল ফ্রেইবার্গের বিপক্ষে গোল পাননি তিনি। বাকি তিন ম্যাচের মধ্যে দুটিতে রয়েছে জোড়া গোল।

বুন্দেসলিগার চলতি মৌসুমে ইতিমধ্যে চার ম্যাচে ৫ গোল করে ফেলেছেন হালান্দ। অবশ্য মৌসুমের শীর্ষ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। চার ম্যাচে ৬ গোল করে শীর্ষে আছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদভস্কি। 

কেবল ক্লাবের জার্সিতে নয়, দেশের হয়েও গোল করে যাচ্ছেন হালান্দ। আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ে জিব্রাল্টারের মুখোমুখি হয় নরওয়ে। সেই ম্যাচেও হ্যাটট্রিক করে দেশকে বড় জয় এনে দেন তিনি।

চলতি মৌসুমে ক্লাব ও দেশের জার্সিতে এ নিয়ে দুটি হ্যাটট্রিক করে বসেছেন ‘হ্যাটট্রিক ম্যান’ হিসেবে পরিচিতি পাওয়া হালান্দ।