বসুন্ধরা কিংসকে জেতালেন ব্রাজিলের রবিনহো

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে কষ্টার্জিত জয় পেয়েছে বসুন্ধরা কিংস। শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুজোনোর দল।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেলের বিপক্ষে প্রথমার্ধে কোনো সুবিধা করতে পারেনি বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে গোলের দেখা পায় তারা।

বসুন্ধরা কিংসের একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনহো। ৭৯তম মিনিটে পেনাল্টি থেকে জাল খুঁজে নেন তিনি।

এই ম্যাচ চলাকালীন জানা যায়, জেমি ডে’কে হঠাৎ অব্যাহতি দিয়ে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বসুন্ধরা কিংসের অস্কার ব্রুজনকে। দুই মাসের জন্য লাল-সবুজদের দায়িত্ব সামলাবেন এই স্প্যানিশ কোচ।  

ইংলিশ কোচ জেমি ডে’র সাম্প্রতিক পারফরম্যান্সে খুশি না হওয়ায় আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ব্রুজোনকে দায়িত্ব দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

বিপিএলের চলতি মৌসুমে ২৪ ম্যাচে ২১ জয় ১ পরাজয় ও ১ ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপা নিশ্চিত করে /ফেলা বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ১১ জয়, ১০ পরাজয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে সাতে শেখ রাসেল।