মা হচ্ছেন কাজল!

মা হতে যাচ্ছেন দক্ষিণী নায়িকা কাজল আগারওয়াল। এমন গুঞ্জনই শোনা যাচ্ছে চারদিকে। মাঝপথে শুটিং বন্ধ করায় এই জল্পনা আরও চাউর হয়ে উঠেছে। ‘আচারিয়া’ আর ‘ঘোস্ট’ ছবির শুটিং করছিলেন তিনি। এই ছবিগুলোর নির্মাতাকে কাজল জানিয়েছেন, কিছুদিনের বিরতি নিয়ে আবার শুটিংয়ে ফিরবেন। শোনা যাচ্ছে, মা হওয়ার পর শুটিং ফ্লোরে ফিরবেন এই তারকা। এ ছাড়া নতুন কোনো ছবির কাজও নিচ্ছেন না এই ব্যস্ত অভিনেত্রী। তাই কাজলের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়েছে। অনেকের ধারণা, মাতৃত্বের সময়টি পুরোপুরি উপভোগ করতে চান বলে ছবি থেকে দূরে থাকার এমন সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণভাবে সক্রিয় থাকতেন কাজল। দীর্ঘ সময় ধরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও দূরে তিনি। যদিও এ ব্যাপারে কাজল ও গৌতমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। এদিকে কাজল আগারওয়ালের বোন নিশা এক সাক্ষাৎকারে মজার ছলে বলেছিলেন, ‘আমি চাই কাজলের কোলে খুব তাড়াতাড়ি একটা বাচ্চা আসুক। আমি এ কথা ওকে ওর বিয়ের সময়ই বলে দিয়েছিলাম। এর পেছনে আমার একটি স্বার্থও আছে। কারণ, ও যদি মা হতে দেরি করে, তাহলে আমার ছেলের সঙ্গে ওর বাচ্চার বয়সের বেশ ব্যবধান হয়ে যাবে। ওদের মধ্যে অতটা মিল হবে না।’

গত বছরের ৩০ অক্টোবর কাজল তার দীর্ঘ সময়ের প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেছেন। বিয়েতে তাদের পরিবারের কাছের কিছু সদস্য আর ঘনিষ্ঠ বন্ধু হাজির হয়েছিলেন।