রাজধানীর তেজগাঁওয়ে বাঁধন (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তেজগাঁও মহিলা কলেজের সামনে একটি চায়ের দোকানে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত বাঁধন পেশায় রংমিস্ত্রির কাজ করতেন। তার বাড়ি কিশোরগঞ্জে। বাবার নাম আসাদ চৌধুরী। থাকতেন রাজধানীর তেজকুনিপাড়ায়।
তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘তেজগাঁও মহিলা কলেজের সামনে একটি চায়ের দোকানে বসে বাঁধনসহ কয়েকজন গল্প করছিল। সেখানে কোনো এক বিষয় নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তাকে কেউ ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।’