করোনায় চট্টগ্রামে টানা দ্বিতীয় মৃত্যুশূন্য দিন

চট্টগ্রাম করোনাভাইরাসে আরও একটি মৃত্যুশূন্য দিন পার করেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬৩ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণের হার ৩ দশমিক ৬৬ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয় থেকে করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে নিয়মিত রিপোর্টে এসব তথ্য জানা যায়।

রিপোর্টে দেখা যায়, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এন্টিজেন টেস্টসহ পাঁচটি ল্যাবে গতকাল কোনো নমুনা পরীক্ষা হয়নি। কক্সবাজার মেডিকেল  কলেজ হাসপাতালসহ অবশিষ্ট আট ল্যাবে গতকাল শুক্রবার চট্টগ্রামের ১ হাজার ৭১৮ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন ৬৩ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের ২৯ ও দশ উপজেলার ৩৪ জন।

গতকাল করোনাভাইরাসের আক্রমণে নগরী ও গ্রামে কারো মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১ হাজার ২৭৯ জনই রয়েছে। এতে শহরের ৭০৬ ও গ্রামের ৫৭৩ জন।

করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৭১ জন। মোট সুস্থতার সংখ্যা ৮৫ হাজার ৭৫৭ জনে উন্নীত হয়েছে।

উল্লেখ্য, গতকালসহ পরপর দুদিন জেলায় করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। বৃহস্পতিবার মৃত্যুহীন দিনটি এসেছিল ৩ মাস পর। সংক্রমণ ও মৃত্যুতে ভয়ংকর হয়ে ওঠা জুলাই ও আগস্টের আগে ১৪ জুন চট্টগ্রাম করোনায় সর্বশেষ মৃত্যুশূন্য ছিল। ১৬ সেপ্টেম্বর ৪ মাসের সর্বনিম্ন ৪১ জনের সংক্রমণ ও আক্রান্তের হার সাড়ে ৬ মাসের মধ্যে সবচেয়ে কম, ২ দশমিক ৭১ শতাংশ থাকলেও গতকাল কিছুটা বেড়েছে।