সড়ক দুর্ঘটনায় নিহত স্বামী, আহত স্ত্রী ও কন্যা

হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মোশারফ হোসেন (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী ও কন্যা।

নিহত মোশারফ হোসেন মানিকগঞ্জ সদর উপজেলা মুলজান এলাকার গুলিটয়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে ওই সড়কের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের নিয়ামত ওরফে নেপাল শেখের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মোশারফ হোসেন স্ত্রী ও কন্যাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। তার বিপরীত দিক থেকে ছেড়ে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোশারফের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন তার স্ত্রী ও কন্যা।

আহতদের ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী প্রাইভেটকার চালক শাহীন পলানকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করছেন।

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।