বগুড়ায় সালিশে করা জরিমানার ৩০ হাজার টাকা আদায় নিয়ে বিরোধের জেরে হাসান সরকার (৫০) নামের এক ব্যক্তিকে গত বৃহস্পতিবার রাতে কুপিয়ে জখম করা হয়। গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত হাসান সরকারের বাড়ি বগুড়া পৌর এলাকার পালশা সরকারপাড়ায়।
নিহত হাসানের ছেলে জাকির সরকার মৃদুল জানান, তার চাচাতো বোনের সঙ্গে এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে। তাদের একটি ছবি একই এলাকার রুপম নামে এক যুবক হাতে পায়। এরপর রুপম ওই ছবি বিভিন্নজনের মোবাইল ফোনে পাঠিয়ে দেয়। এ বিষয়ে স্থানীয় পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম কয়েক দিন আগে সালিশ বসিয়ে রুপমকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরতলীর ভবের বাজার এলাকায় জরিমানার টাকা নিয়ে রুপমের সঙ্গে হাসান সরকারের তর্ক হয়। সেখান থেকে বাড়ি ফেরার পথে রুপম ধারালো অস্ত্র দিয়ে হাসানের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।