বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

শত শিশুশিল্পীকে পুরস্কৃত করল আওয়ামী লীগ

রংতুলিতে বঙ্গবন্ধুর ছবি আঁকা প্রতিযোগিতায় বিজয়ী ১০০ শিশুশিল্পীকে  পুরস্কৃত করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় গত বছর মার্চ মাসে।

গতকাল শনিবার ঢাকার জাতীয় জাদুঘরে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। ওই সনদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর রয়েছে।

বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে এবং আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। ভার্চুয়ালি সংযুক্ত হন কলামনিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী, চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মর্ত্তুজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসরীন আহমেদও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।