কর্মশালায় বক্তারা

ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণ প্রবিধানমালা চূড়ান্তকরণের দাবি

শিল্পোৎপাদিত ট্রান্সফ্যাট খাদ্যের একটি বিষাক্ত উপাদান, যা হৃদরোগজনিত অকাল মৃত্যুঝুঁকি বাড়িয়ে দেয়। ট্রান্সফ্যাট এক ধরনের অসম্পৃক্ত চর্বি বনস্পতি ঘি, যা ডালডা নামে পরিচিত এবং তা দিয়ে তৈরি বিভিন্ন খাবার, ফাস্টফুড ও বেকারি পণ্যে ট্রান্সফ্যাট থাকে। শিল্পোৎপাদিত সেই ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণ প্রবিধানমালা বিলম্ব না করে অতি দ্রুত চূড়ান্তকরণের জোর দাবি জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টরা।

গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে ‘ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণ প্রবিধানমালা : অগ্রগতি ও করণীয়’ শীর্ষক সাংবাদিক  কর্মশালায় বক্তারা এ দাবি জানান। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহায়তায় কর্মশালাটি আয়োজন করে অ্যাডভোকেসি ও গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। কর্মশালায় প্রিন্ট এবং অনলাইন মিডিয়ায় কর্মরত ২৯ সাংবাদিক অংশ নেন। কর্মশালায় ব্র্যাক ইউনিভার্সিটির জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট আবু আহমেদ শামীম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষের (বিএফএসএ) সদস্য মঞ্জুর মোর্শেদ বক্তব্য দেন।