সীমান্ত জেলা শেরপুরে জটিল রোগে আক্রান্তদের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাড়া আর উপায় থাকে না। যে কারণে এ জেলায় আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নির্মাণের দাবি দীর্ঘদিনের। চলমান করোনা মহামারীতে শেরপুরে আইসিইউ স্থাপনের দাবি আরো বৃদ্ধি পায়। অবশেষে গণ ভোগান্তি কমাতে সরকার শেরপুর জেলা হাসপাতালে একটি আধুনিক আইসিইউ করার সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, আইসিইউ যাতে দ্রুত চালু করো যায় তার জন্য যন্ত্রপাতিসহ বেশ কিছু প্রয়োজনীয় সেবা দেবে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সংযোগ নামে একটি সংগঠন।
শেরপুর প্রকৌশল বিভাগ গণপূর্ত ও স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, শেরপুর জেলা হাসপাতালের নতুন নির্মিত ভবনের নয়তলায় দ্রুত নির্মাণ করা হচ্ছে আইসিইউ। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান বাবর অ্যাসোসিয়েটস এ কাজ করছে। কাজের প্রাক্কলিত ডিপিপি ব্যয় (শুধু অবকাঠামো) চার কোটি ৭৭ লাখ টাকা। আইসিইউ ওয়ার্ডে থাকবে ২০টি আইসোলেশন শয্যা। আর একসঙ্গে দশজনকে দেওয়া যাবে সরাসরি আইসিইউ সেবা। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ এ নির্মাণকাজ শেষ হবে।
তারা জানায়, লোকবল ও যন্ত্রপাতি পেয়ে গেলে মার্চেই আইসিইউ সেবা পাবে এ অঞ্চলের মানুষ।
জেলা প্রশাসক মোমিনুর রশিদ ও হাসপাতালের তত্ত্বাবধায়ক (সিভিল সার্জন) ডা. আনওয়ারুর রউফ জানিয়েছেন, এ অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা বাড়াতে সরকার আধুনিক আইসিইউ করছে। যথাসময়ে এ সেবা চালু করতে সর্বোচ্চ তৎপরতা চালানো হচ্ছে। মেডিকেল কলেজের সেবা যাতে করে এখান থেকে দেওয়া যায় তার জন্য হাসপাতালে আরো সুবিধা বৃদ্ধি করা হবে।