প্রতিরোধ দূরে থাক, জর্ডানের বিপক্ষে দাঁড়াতেই পরল না বাংলাদেশ নারী ফুটবল দল। বড় হারে এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাই মিশন শুরু হলো সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকারদের।
সোমবার ‘জি’ গ্রুপের ম্যাচে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। বুধবার নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ইরানের মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের দল।
উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হয় বাংলাদেশ-জর্ডান ম্যাচ। প্রতিপক্ষ বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে জর্ডান যেখানে ৬৩তম স্থানে, বাংলাদেশের অবস্থান সেখানে ১৩৭তম। তাই ফেভারিট হিসেবেই মাঠে নামে জর্ডান। তবে বাংলাদেশ প্রতিরোধের প্রত্যয়ের কথা জানিয়েছিল। আদতে তেমন কিছু হয়নি।
প্রথমার্ধে দুই গোল হজমের পর দ্বিতীয়ার্ধে আরো তিন গোল হজম করে বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। হ্যাটট্রিক পেয়েছেন জর্ডান অধিনায়ক মাইশা জিয়াদ জেবারাহ। দ্বিতীয়ার্ধে তিনটি গোলই করেছেন তিনি। প্রথমার্ধে একটি করে গোল পেয়েছেন শাহনাজ জেবরিন ও বানাজাইদ আল বিতার।