ভারতে হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা জয়ের ভালো সম্ভাবনা দেখেন তামিম ইকবাল। নেতৃত্বে থাকলে বিশ্বকাপ জয়ের ঘোষণা দিয়েই টুর্নামেন্টে যেতে চান এই অভিজ্ঞ ওপেনার। স্বপ্ন পূরণের মধ্য দিয়ে পূর্ণতা দিতে চান নিজের ক্যারিয়ারের।
‘২০২৩ বিশ্বকাপকে আমি মনে করি আমাদের জন্য দারুণ সুযোগ... স্রেফ খেলতে বা লড়াই করতে নয়। আমি চাইব কাপ জিততে। এটাই আমার ভাবনায় আছে।’
রবিবার সন্ধ্যায় শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ডের শো ‘চিলিং উইথ রাসেল’-এ এভাবেই বলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম।
তার কথায়, ‘২০২৩ বিশ্বকাপে যদি আমিই দলকে নেতৃত্ব দেই… প্রতিটি বিশ্বকাপেই আমরা যখন গিয়েছি, বিভিন্ন অধিনায়কেরা বলেছেন যে ‘‘আমরা ভালো করতে চাই বা সেমি-ফাইনাল খেলতে চাই কিংবা হারাতে চাই’’ এসব নানা কথা। কিন্তু আমি ২০২৩ পর্যন্ত নেতৃত্বে থাকলে এই ঘোষণা দিয়ে বিশ্বকাপে যে চাই যে, শিরোপা জিততে এসেছি।’
তামিম মনে করেন দেশকে একটা শিরোপা উপহার দিতে না পারলে তার ও তার সমসাময়িক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের ক্যারিয়ারে থেকে যাবে অপূর্ণতা।
৩২ বছর বয়সী তামিম বলেন, ‘আমি, সাকিব, মুশফিক এবং অবশ্যই মাহমুদউল্লাহ… আমরা অনেক বছর ধরে বাংলাদেশের হয়ে খেলছি। তবে এখনো আমরা বড় কিছু অর্জন করতে পারিনি আমাদের ক্রিকেটে। ম্যাচ জিতেছি, সিরিজ জিতেছি। কিন্তু আইসিসি ইভেন্টে বড় কিছু জিততে পারিনি।’
‘আমরা আমাদের ক্যারিয়ারের প্রায় শেষ দিকে। তিন-চার-পাঁচ বছর আছে আমাদের। আমরা এমন কিছু করে ক্যারিয়ার শেষ করতে চাই যা বাংলাদেশ সব সময় মনে রাখবে।’
রাসেল আর্নল্ডের অনুষ্ঠানে তামিম ছাড়াও ছিলেন শ্রীলঙ্কার আরেক সাবেক ক্রিকেটার ফারভেজ মাহারুফ।