তামিম-মুশফিকের ব্যাটিং অনুশীলন

দীর্ঘদিন পর মিরপুরের উইকেটে ফিরলেন তামিম ইকবাল। ইনজুরি থেকে ফিরে কালই প্রথম ব্যাটিং অনুশীলন করলেন অভিজ্ঞ এ ওপেনার। প্রায় ৪০ মিনিটের মতো মিরপুরের সেন্টার উইকেটে ব্যাটিং করেছেন তামিম। হাঁটুর ইনজুরি কাটিয়ে বাংলাদেশ ওপেনারের এই অনুশীলন আরও গুরুত্ববহ হতে পারত বিশ্বকাপকে ঘিরে। কিন্তু নিজেই বিশ্বকাপ দল থেকে সরে দাঁড়িয়েছেন। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে আবার মানিয়ে নিতেই খেলবেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল)। ওই টুর্নামেন্টের প্রস্তুতি নিতেই অনুশীলন শুরু করেছেন তামিম। একইদিনে ব্যাটিং অনুশীলন করেছেন মুশফিকুর রহিমও।

নিউজিল্যান্ড সিরিজের ব্যাটিং ব্যর্থতা কিছুতেই মানতে পারছেন না মুশফিক। তাই বিশ্বকাপের আগে ফর্মে ফিরতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। স্বেচ্ছায় এইচপি দলের বিপক্ষে চলমান সিরিজে ‘এ’ দলের হয়ে দুটি ওয়ানডে খেলবেন মুশফিক। তার আগে মিরপুরের সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করলেন কাল। নেট বোলারদের নিয়ে দীর্ঘ দেড় ঘণ্টার মতো কাটিয়েছেন ব্যাটিং করে। শুরুতে টেস্ট মেজাজে খেললেও পরের দিকে টি-টোয়েন্টি মেজাজে লম্বা শট থেকে শুরু করে উদ্বোবনী শটও খেলেছেন মুশফিক।

তামিম কিন্তু রাখঢাক করে কাটাননি। ব্যাটিং অনুশীলনের শুরু থেকেই নেট বোলারদের বিপক্ষে বড় শট খেলে নিজেকে প্রস্তুত করছিলেন। নেপালের আসর শুরু শনিবার থেকে। তামিম ঢাকা ছাড়বেন বৃহস্পতিবার। ইপিএলে ভৈরহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন এ ওপেনার। টুর্নামেন্টের আগে নেপালে গিয়ে অনুশীলনের সুযোগ নেই তেমন, তাই ঢাকা থেকেই যতটুকু সম্ভব নিজেকে প্রস্তুত করছেন।