চট্টগ্রামে আরও একজনের মৃত্যু, শনাক্ত হার ২ শতাংশ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে একজন মারা গেছেন। এই সময়ে নতুন করে ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত ২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২০ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৭ জন। মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৬৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩। এদিন চট্টগ্রামে করোনায় দুজন মারা যান।

সরকারি হিসাবে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ২৮২ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৩১২ জনের।