কক্সবাজারে ৪ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা জব্দ করেছে বিজিবি

কক্সবাজারে এক অভিযানে ৪ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবির স্থানীয় ব্যাটালিয়ন।

৩৪ বিজিবির অধীনস্থ রেজুআমতলী বিওপির সদস্যরা রবিবার গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ৪ নং রাজাপালং ইউপির ঠান্ডার মিয়ার বাগান পূর্ব দরগারবিল নামক স্থানে অভিযান চালায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।  

সেখানে বলা হয়, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চোরাকারবারিদের ইয়াবা ক্রয়-বিক্রয়রত অবস্থায় দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। পরে চোরাকারবারিরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ১ জনকে আটক করতে সক্ষম হন তারা। আটক মো. সাদ্দাম হোসেন (১৮)-এর সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে  ১ লাখ ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়, যার মূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা।

আটক সাদ্দামের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি। পলাতক আছেন একই থানার মো. সাইফুল ইসলাম ও মো. রফিক মিয়া। তাদের ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনা মহামারির মধ্যেও বিজিবি কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ৩৪ বিজিবি ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১১৩ কোটি ২৩ লাখ ২১ হাজার ৮০০ টাকা মূল্যের ৩৭ লাখ ৭৪ হাজার ৪০৬ পিস বার্মিজ ইয়াবাসহ ১৭৫ জনকে আটক করতে সক্ষম হয়েছে।